শ্রমবাজারের চাহিদায় দক্ষ জনশক্তি তৈরিতে সমন্বিত উদ্যোগের ডাক
দেশের দক্ষতা উন্নয়ন খাতের মৌলিক সংস্কার এবং কর্মসংস্থানের সাথে এর সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন নীতিনির্ধারক ও অর্থনীতিবিদরা। তারা বলেন, আন্তর্জাতিক মানের দক্ষ জনশক্তি তৈরি করতে হলে সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্প খাতের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন স্থাপন জরুরি।
গত সোমবার (৩ আগস্ট) রাজধানীর পিকেএসএফ ভবনে দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস ও পিকেএসএফ আয়োজিত ‘লিংকিং স্কিলস উইথ এমপ্লয়মেন্ট: চ্যালেঞ্জেস অ্যান্ড ওয়ে ফরোয়ার্ড’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় এসব কথা বলা হয়। এতে অংশ নেন দেশের খ্যাতনামা অর্থনীতিবিদ, উন্নয়ন সহযোগী এবং শিল্প খাতের প্রতিনিধিরা।
আলোচনায় অংশগ্রহণকারীরা উদ্বেগ প্রকাশ করে বলেন, শিক্ষাব্যবস্থা ও শ্রমবাজারের চাহিদার মধ্যে বিদ্যমান বড় ফারাকটি বাংলাদেশের জনমিতিক সুবিধা কাজে লাগানোর পথে প্রধান অন্তরায়। তাই দেশীয় ও আন্তর্জাতিক বাজারের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে শিল্পখানির্ভর দক্ষতা উন্নয়নের ওপর জোর দেন তারা।
পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের এ প্রসঙ্গে বলেন, কারিগরি ও ভোকেশনাল শিক্ষার প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। একইসাথে শিল্প প্রতিষ্ঠানগুলোকে দক্ষতা উন্নয়নে বিনিয়োগ করতে উৎসাহিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। প্রতিষ্ঠানটির রেইজ প্রকল্পের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার কাজী মশরুর-উল-আলম মনে করেন, দেশে প্রশিক্ষণ ব্যবস্থা থাকলেও কর্মসংস্থানের সাথে এর সংযোগ স্থাপনের ইকোসিস্টেম এখনো অপ্রতুল।
বিশ্বব্যাংকের রেইজ প্রকল্পের টাস্ক টিম লিডার আনিকা রহমান তথ্য দিয়ে জানান, প্রতি বছর প্রায় ২০ লাখ মানুষ শ্রমবাজারে যুক্ত হচ্ছেন। তাই দক্ষতা উন্নয়ন থেকে শুরু করে কর্মসংস্থান পর্যন্ত একটি সমন্বিত ব্যবস্থা গড়ে তোলা এখন সময়ের দাবি।

