জনদুর্ভোগ বাড়লেও দুর্নীতির সিন্ডিকেট চাড়া দিয়েছে: মিয়া গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে গত পাঁচ মাসে দেশে সাধারণ মানুষের দুর্ভোগ বহুগুণ বেড়েছে এবং একটি দুর্নীতির সিন্ডিকেট জাতির ঘাড়ে চেপে বসেছে। তিনি বলেন, দেশে এখন লুটপাট, চাঁদাবাজি এবং দলীয়করণ বৃদ্ধি পেয়েছে, যা মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করছে। গত ৩ আগস্ট রাতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
এই জামায়াত নেতা জানান, গ্যাসের তীব্র সংকট ও লোডশেডিং এখন ভয়াবহ রূপ নিয়েছে। রান্নার গ্যাস না পেয়ে নারীরা রাজপথে নেমে হাড়ি-পাতিল নিয়ে বিক্ষোভ করছেন। এলপিজির মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের নিত্যতালিকায় চাপ বাড়িয়েছে। অথচ নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধান বা উত্তোলনে সরকারের কোনো পদক্ষেপ চোখে পড়ছে না। সিএনজি স্টেশনগুলোতেও গ্যাসের অপ্রতুলতায় চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে।
তিনি আরও বলেন, ২০২৬ সালে বিদ্যুতের দাম বাড়ানোর পর থেকে গ্রাহকরা ভুতুড়ে বিলের ভোগান্তির শিকার হচ্ছেন। একদিকে বিদ্যুতের ব্যবহার কম, অন্যদিকে বিল বেশি—এমন পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষ দিশেহারা হয়ে পড়েছে। পাশাপাশি চাল, ডাল, চিনি, কাঁচা মরিচ ও আলুসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি অস্বাভাবিক হয়ে উঠেছে। পোশাক, সার ও ইস্পাত কারখানার উৎপাদন কমে যাওয়ায় ভবিষ্যতে এ সংকট আরও ঘনীভূত হবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

