ডেঙ্গু প্রতিরোধে আরও সতর্ক হওয়ার নির্দেশ চসিক মেয়রের

প্রাইম বার্তা অনলাইন
০৩ আগস্ট ২০২৬ ১১:২৪ পিএম
ডেঙ্গু প্রতিরোধে আরও সতর্ক হওয়ার নির্দেশ চসিক মেয়রের

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বর্ষার অনিয়মিত বৃষ্টিপাত এডিস মশার বংশবিস্তারের সুযোগ করে দিচ্ছে। তাই আগস্ট ও সেপ্টেম্বর মাসে ডেঙ্গু প্রতিরোধে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না। তিনি নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে মশক নিধন কার্যক্রম আরও বিজ্ঞানসম্মত ও গতিশীলভাবে পরিচালনার নির্দেশ দিয়েছেন।

সোমবার (৩ আগস্ট) টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে ডেঙ্গু পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক এক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে মেয়র এসব কথা বলেন। তিনি জানান, সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম সাত মাসে চসিক এলাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। জুলাই পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ৩৩৮ জন এবং আগস্টের প্রথম কয়েক দিনে নতুন করে আরও ১৮ জন আক্রান্ত হয়েছেন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫৬ জনে, যা গত বছরের একই সময়ের তুলনায় অনেক কম।

মেয়র আরও বলেন, টানা বৃষ্টিতে পানি জমার সম্ভাবনা কম থাকলেও বন্ধ থাকা বৃষ্টির পর স্বচ্ছ পানি জমলে ডেঙ্গু ছড়ানোর ঝুঁকি বহুগুণে বাড়ে। তাই জমে থাকা পানি দ্রুত অপসারণের ওপর জোর দেন তিনি। ডেঙ্গু উপসর্গ নিয়ে কিছু মৃত্যুর বিষয়টি উল্লেখ করে তিনি জানান, এনএস-ওয়ান পরীক্ষায় তাদের ডেঙ্গু ধরা পড়েনি; এটি অন্য কোনো রোগ হতে পারে যার গবেষণা প্রয়োজন। এছাড়া কোতোয়ালী, বাকলিয়া, হালিশহর, পাহাড়তলী, আকবরশাহ ও চান্দগাঁওসহ ১৫টি নির্দিষ্ট এলাকায় বিশেষ নজরদারি ও প্রয়োজনে অতিরিক্ত মশক নিধন অভিযান চালানোর নির্দেশ প্রদান করেন মেয়র।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...