মন্ত্রিসভায় বাতিল হলো অত্যাবশ্যকীয় ঔষধের তালিকা ও মূল্য নির্ধারণ

প্রাইম বার্তা অনলাইন
০৩ আগস্ট ২০২৬ ১০:০৫ পিএম
মন্ত্রিসভায় বাতিল হলো অত্যাবশ্যকীয় ঔষধের তালিকা ও মূল্য নির্ধারণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদের পরামর্শ গ্রহণ না করার কারণে ‘অত্যাবশ্যকীয় ঔষধের তালিকা ২০২৬’ এবং ‘ঔষধের মূল্য নির্ধারণ পদ্ধতি ২০২৬’ বাতিলের সিদ্ধান্ত হয়েছে। সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে স্বাস্থ্যসেবা বিভাগের উপস্থাপনায় সরকার এই প্রস্তাবে অনুমোদন দেয়। তবে জনসাধারণের স্বার্থে ১৯৯৪ সালের পুরনো ঔষধ তালিকা ও সরকারি মূল্য নির্ধারণ ব্যবস্থা বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‘ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩’ অনুযায়ী তালিকা প্রণয়নের আগে উপদেষ্টা পরিষদের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক হলেও জানুয়ারিতে তা উপেক্ষা করে নতুন তালিকা তৈরি করা হয়েছিল, যার বৈধতা এখন আদালতে চ্যালেঞ্জের মুখে। এর আগে গত ২৯ জুন আইন অনুযায়ী জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে ওই পরিষদে অন্তর্ভুক্ত করার প্রস্তাবও মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, নিয়ম ভঙ্গের কারণে ২০২৬ সালের তালিকা বাতিল হলেও সাধারণ মানুষের কাছে নিরাপদ ও সাশ্রয়ী মূল্যের ঔষধ পৌঁছানোর লক্ষ্যে ১৯৯৪ সালের আদেশে প্রণীত তালিকা ও মূল্য নির্ধারণ ব্যবস্থা অব্যাহত থাকবে। সরকারের প্রতিশ্রুতি হলো আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে মানসম্মত ঔষধ নিশ্চিত করা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...