মৌসুমি বায়ু সক্রিয়: সপ্তাহজুড়ে বৃষ্টি, শেষে কমার সম্ভাবনা
মৌসুমি বায়ুর প্রভাবে আগামী তিন থেকে চার দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রোববার জারি করা ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং দেশের অন্যান্য অঞ্চলের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে সপ্তাহের শেষের দিকে বৃষ্টিপাতের মাত্রা কমে আসার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় রয়েছে। ফলে সোমবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার ও বুধবার সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, কোথাও কোথাও সামান্য কমতে পারে। সপ্তাহের শুরু ও মধ্যভাগে বৃষ্টির এই সক্রিয়তা থাকলেও শেষের দিকে আবহাওয়ার উন্নতির ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অফিস।

