মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির উদ্যোগ, জ্বালানি খাতে নতুন সম্ভাবনা
নিজ দেশের জ্বালানি চাহিদা মেটাতে মিয়ানমার থেকে সরাসরি পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। রোববার (২ আগস্ট) রাজধানীর সচিবালয়ে নিজ দপ্তরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে সাক্ষাৎকালে মিয়ানমারের রাষ্ট্রদূত কাও হু মুইয়ের এই প্রস্তাবের বিষয়টি উত্থাপন করেন।
বৈঠকে মন্ত্রী জানান, বাংলাদেশের অভ্যন্তরে প্রাকৃতিক গ্যাসের ব্যাপক চাহিদা রয়েছে, যা মেটাতে প্রতিবেশী মিয়ানমার থেকে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সংগ্রহের প্রতি বিশেষ আগ্রহ রয়েছে তার। এর আগে চট্টগ্রাম পর্যন্ত পাইপলাইন স্থাপনের যে প্রস্তাব ছিল, সেটি নতুন করে আলোচনায় আনার আগ্রহ প্রকাশ করেন তিনি। জবাবে রাষ্ট্রদূত এ প্রস্তাবকে ইতিবাচকভাবে গ্রহণ করেন এবং পাইপলাইনের পাশাপাশি এলএনজি হিসেবেও গ্যাস সরবরাহের সম্ভাবনা খতিয়ে দেখার আশ্বাস দেন।
আঞ্চলিক সংযোগ ও বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনাকালে মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর গড়ে তোলার পরিকল্পনার মধ্য দিয়ে এই পাইপলাইন স্থাপন অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করতে পারে। প্রতিবেশী প্রথম নীতির অধীনে মিয়ানমারের সঙ্গে দীর্ঘমেয়াদি বাণিজ্যিক সম্পর্ক ও জ্বালানি সহযোগিতা বাড়ানোর বিষয়ে সরকারের আন্তরিকতার কথাও জানান তিনি।
জ্বালানি খাতে এই দ্বিপাক্ষিক আলোচনা এগিয়ে নিতে মন্ত্রী পর্যায়ের বৈঠকের প্রস্তাব দেন ইকবাল হাসান মাহমুদ। তিনি জানান, শিগগিরই মিয়ানমারের জ্বালানি মন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হবে এবং প্রয়োজনে নিজেও সেখানে সফরে যেতে আগ্রহী তিনি।

