খুলশী রেলগেটের দুর্ভোগ কাটাতে ১১০ কোটি টাকার ওভারপাস
চট্টগ্রাম নগরীর দীর্ঘদিনের যানজট সমস্যা সমাধানে এবার বড় পদক্ষেপ নিল চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। খুলশী রেলগেট এলাকায় প্রায় ১১০ কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক চার লেনের ওভারপাস নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে সিটি কর্পোরেশন। রোববার (২ আগস্ট) নগর ভবনে প্রকল্পটির প্রস্তুতি সভায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
কারিগরি বিশ্লেষণে দেখা গেছে, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী মহাসড়ক ও রেললাইনের সংযোগস্থল হওয়ায় খুলশী গেটে প্রতিনিয়ত তীব্র যানজট তৈরি হয়। এর স্থায়ী সমাধানে প্রস্তাবিত ওভারপাসটি ২০০ মিটার দীর্ঘ এবং ১৯.১০ মিটার প্রস্থের হবে। এতে ৫০০ মিটার র্যাম্প, প্রায় ২.৩ কিলোমিটার সার্ভিস রোড ও ফুটপাত থাকবে। দ্রুতগামী যানবাহন ওভারপাসের ওপর দিয়ে চলাচল করবে এবং স্থানীয় যানবাহন নিচের রাস্তা ব্যবহার করবে, যা লেভেল ক্রসিংয়ে ‘জিরো ওয়েটিং’ নিশ্চিত করবে।
এছাড়াও দীর্ঘদিনের জরাজীর্ণ দেওয়ানহাট ওভারপাসটি ভেঙে না ফেলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মেরামত ও শক্তিশালী করার পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ। প্রায় ৪৫ বছরের পুরনো এই সেতুটি পুনর্বাসনের মাধ্যমে আরও ৩০ বছর টিকিয়ে রাখা সম্ভব হবে বলে জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, এতে ব্যয় বহুলাংশে কম হবে এবং নগরবাসী দ্রুত সুফল পাবে।

