পরিস্থিতি ঠিক হলেই রোহিঙ্গা প্রত্যাবাসন: ঢাকায় মিয়ানমার রাষ্ট্রদূত

প্রাইম বার্তা অনলাইন
০২ আগস্ট ২০২৬ ১২:১৯ পিএম
পরিস্থিতি ঠিক হলেই রোহিঙ্গা প্রত্যাবাসন: ঢাকায় মিয়ানমার রাষ্ট্রদূত

নিরাপত্তা পরিস্থিতি ও মাঠ পর্যায়ের পরিবেশ অনুকূল হলে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করা হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও সোয়ে মোয়ে। তিনি বলেন, প্রত্যাবাসনের তালিকা যাচাই-বাছাই চলমান থাকলেও বাস্তবে এটি কার্যকর করতে হলে মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি সমর্থনমূলক হওয়া জরুরি। রোববার (২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে এক বৈঠকে রাষ্ট্রদূত এসব কথা জানান।

বৈঠকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারের সহযোগিতা কামনা করেন বাণিজ্যমন্ত্রী। তিনি জোর দেন দৃশ্যমান অগ্রগতির ওপর। এছাড়া দুই দেশের মধ্যে নিয়মিত প্রাতিষ্ঠানিক আলোচনা ও যৌথ কমিটির বৈঠক অব্যাহত রাখার বিষয়ে সম্মতি হয়। আগামী যৌথ বৈঠক বাংলাদেশে আয়োজনের প্রস্তাবও ওঠে বৈঠকে।

শুধু রোহিঙ্গা ইস্যু নয়, দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি, নৌপরিবহন সংযোগ জোরদার এবং এলএনজি আমদানিসহ অর্থনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতেও আলোচনা হয়। ভৌগোলিক নৈকট্য কাজে লাগিয়ে পারস্পরিক বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন উভয় পক্ষ। বাণিজ্যমন্ত্রী জানান, প্রতিবেশী হিসেবে পারস্পরিক সম্মান ও অর্থনৈতিক সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে চায় বাংলাদেশ।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...