রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান: গ্রেফতার ৪৩১, উদ্ধার বিপুল মাদক-অস্ত্র
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় শহরের বিভিন্ন থানা এলাকায় এই অভিযান পরিচালনা করে মোট ৪৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার হয়েছে।
রোববার (২ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এই অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ৭০টি মামলা দায়ের করা হয়েছে।
বিভাগ ভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, মিরপুর বিভাগে সর্বোচ্চ ১০১ জন এবং তেজগাঁও বিভাগে ৭৯ জনকে আটক করা হয়েছে। এছাড়া উত্তরা (৪৭), গুলশান (৪৪), ওয়ারী (৪৫), মতিঝিল (৪০), রমনা (৩৯), লালবাগ (২৪), গোয়েন্দা বিভাগ (৯) এবং সিটিটিসি থেকে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযানে ডিএমপি সদস্যরা ১টি বিদেশি পিস্তল, ২টি খালি ম্যাগাজিন, ২৩০ গ্রাম গাঁজা, ১৪ হাজার ১৪২ পিস ইয়াবা, ১৫৬ গ্রাম হেরোইন, ৩১টি মোবাইল ফোন, ১টি প্রাইভেটকার, ১টি পুরনো ক্যামেরা জব্দ করতে সক্ষম হয়েছে। এছাড়াও একজন ভুক্তভোগীকে উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

