আগামী পাঁচ দিন বৃষ্টির প্রবণতা অব্যাহত, শেষের দিকে কমার সম্ভাবনা
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রবৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের শুরুতে বৃষ্টিপাতের মাত্রা বেশি থাকলেও সপ্তাহের শেষের দিকে তা কমে আসতে পারে।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় রয়েছে। ফলে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগেও দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত দেশের বিস্তীর্ণ এলাকাজুড়ে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এদিকে বৃষ্টির প্রভাবে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

