বিশ্বশান্তি ও সম্প্রীতির জন্য সর্বজনীন দর্শন জরুরি: তথ্যমন্ত্রী
বিশ্বশান্তি ও মানবিক মূল্যবোধ টিকিয়ে রাখতে সর্বজনীন দর্শনের ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, দর্শন চর্চা ছাড়া মানুষ প্রকৃত অর্থে মানবতা ও সভ্যতার পূর্ণাঙ্গ বিকাশ ঘটাতে পারে না। শনিবার (১ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে বাংলাদেশ ফিলোসফিক্যাল সোসাইটি আয়োজিত দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মানুষ ও অন্যান্য প্রাণীর মধ্যে মৌলিক পার্থক্য হলো দর্শন বা চিন্তা-চেতনা, এমনটাই মন্তব্য করেন জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, জীবনযাত্রার মৌলিক সংগ্রাম থেকে মুক্ত হয়ে যখন মানুষ চিন্তা করার সুযোগ পায়, তখন সৃষ্টির রহস্য নিয়ে প্রশ্নের উদ্ভব হয়। এই অনুসন্ধান থেকেই দর্শনের জন্ম এবং পরবর্তীতে ধর্মের উত্থান ঘটে। তিনি উল্লেখ করেন, সনাতন ধর্ম বা ইসলাম—সব ধর্মেই দার্শনিক বৈচিত্র্য ও নানা চিন্তাধারার অস্তিত্ব রয়েছে, যা মানব সভ্যতার চলমান প্রক্রিয়াকে নির্দেশ করে। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
পৃথিবীর সংকট সমাধানে দৃষ্টিভঙ্গির ভূমিকা তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, সংকট মোকাবিলায় মানুষের দৃষ্টিভঙ্গি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংকীর্ণতা বিভাজন ও সংঘাত সৃষ্টি করলেও মানবিক দর্শন সংকটের গঠনমূলক সমাধান এনে দিতে পারে। সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে একটি সর্বজনীন দর্শন গড়ে তুলতে পারলেই কেবল টেকসই বিশ্বশান্তি নিশ্চিত করা সম্ভব হবে।

