বিশ্বশান্তি ও মানবকল্যাণে সার্বজনীন দর্শনের বিকল্প নেই
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিশ্বশান্তি ও মানবকল্যাণ নিশ্চিত করতে একটি সার্বজনীন মানবিক দর্শনের প্রয়োজনীয়তা অপরিসীম। তিনি বলেন, প্রকৃত মানবিক মূল্যবোধ ও সভ্যতার বিকাশের মূল ভিত্তি হলো দর্শন; এটি মানুষকে অন্যান্য প্রাণী থেকে পৃথক করে। শনিবার (১ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে বাংলাদেশ ফিলোসফিক্যাল সোসাইটি আয়োজিত দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী জানান, জীবন ধারণের মৌলিক সংগ্রামের ঊর্ধ্বে উঠে মানুষ যখন চিন্তা করার সুযোগ পায়, তখনই উৎপত্তি ও গন্তব্য নিয়ে প্রশ্নের জন্ম নেয়। এই অনুসন্ধান থেকেই দর্শন ও ধর্মের উদ্ভব হয়েছে। তিনি উল্লেখ করেন, সনাতন বা ইসলাম—প্রতিটি ধর্মের মধ্যেই নানা ব্যাখ্যা ও মতবাদের কারণে দার্শনিক বৈচিত্র্য বিরাজ করে, যা সভ্যতায় দর্শনচর্চার ধারাবাহিকতাকে নির্দেশ করে।
মন্ত্রী আরও মন্তব্য করেন, বিশ্বের যেকোনো সংকট সমাধানের চাবিকাঠি হলো সমস্যাকে দেখার দৃষ্টিভঙ্গি। মানবিক দর্শন ধারণ করলে সংকটের সমাধান সহজ হয়, আর সংকীর্ণতা বিভাজন তৈরি করে। এ সময় তিনি সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ওপর ভিত্তি করে একটি সার্বজনীন দর্শন গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

