ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আসছে এআই ক্যামেরা, স্বয়ংক্রিয়ভাবে জরিমানা
দেশের অন্যতম প্রধান সড়ক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে চলতি মাসেই বসছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভিত্তিক ক্যামেরা। এই প্রযুক্তির মাধ্যমে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের চিহ্নিত করে স্বয়ংক্রিয়ভাবে জরিমানা আদায়ের প্রক্রিয়া চালু করা হবে। হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ শনিবার কুমিল্লায় এক মতবিনিময় সভায় এ তথ্য জানিয়েছেন।
অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ বলেন, এআই প্রযুক্তির ক্যামেরার মাধ্যমে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও আইন অমান্য করার ঘটনা সহজে ধরা পড়বে। এর ফলে চালকরা আইন মেনে গাড়ি চালাতে বাধ্য হবেন এবং দুর্ঘটনা ও অনিয়ম কমে আসবে। কুমিল্লা সার্কিট হাউসে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সাথে আয়োজিত এই সভায় সড়ক নিরাপত্তা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
এর আগে তিনি কুমিল্লার নিমসার বাজার এলাকায় যানজটের কারণ খতিয়ে দেখেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে এ সমস্যা সমাধানে আলোচনা করেন। হাইওয়ে পুলিশের কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি পেশাদারিত্ব ও জনবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ করে দুর্ঘটনা ও ডাকাতি প্রতিরোধে কঠোর ভূমিকা পালনের নির্দেশনা দেন। সভায় যানজট নিরসন ও যাত্রীসেবার মানোন্নয়নের ওপরও জোর দেওয়া হয়।

