ঢাকায় ‘বর্জ্য শোভাযাত্রা’ ও ৭৫ ওয়ার্ডে ক্লিনিং ডে পালন
রাজধানীবাসীর সচেতনতা বাড়াতে এবং জলাবদ্ধতা ও পরিবেশ দূষণ রোধে আজ শনিবার (১ আগস্ট) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে ব্যতিক্রমধর্মী বর্জ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মাসের প্রথম শনিবার হিসেবে আজ সকালে শাহবাগ এলাকায় এই শোভাযাত্রার উদ্বোধন করেন সংস্থাটির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। একইসাথে বর্জ্য ব্যবস্থাপনা ও ডেঙ্গু প্রতিরোধে করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে একযোগে মাসিক ক্লিনিং ডে পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক আবদুস সালাম বলেন, নাগরিকদের সচেতনতা ও সামাজিক উদ্যোগ ছাড়া ঢাকাকে পরিচ্ছন্ন রাখা অসম্ভব। বিশ্বের দূষিত শহরের তালিকা থেকে বের হতে হলে নাগরিক আচরণে পরিবর্তন আনা জরুরি। তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় নতুন করে ডাস্টবিন স্থাপন করা হচ্ছে, ফলে যত্রতত্র ময়লা ফেলার আর অজুহাত নেই। এছাড়া ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের নিজেদের বর্জ্য ব্যবস্থাপনার জন্য বিন রাখার আহ্বান জানান তিনি। জলাবদ্ধতা প্রসঙ্গে তিনি বলেন, একটি ছোট পলিথিন বা ম্যাট্রেসও ড্রেনের মুখ আটকে পুরো এলাকায় পানি জমার কারণ হতে পারে, তাই ড্রেনে বর্জ্য ফেলা যাবে না।
ডিএসসিসি প্রশাসক জানান, মশক নিধন ও বর্জ্য ব্যবস্থাপনায় প্রতি মাসের প্রথম শনিবার ৭৫টি ওয়ার্ডে বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম পরিচালিত হবে। নিয়মিত পরিচ্ছন্নতার পাশাপাশি এর আওতায় অপরিষ্কার এলাকা ও বন্ধ ড্রেনগুলো পরিষ্কার করা হবে। এই কার্যক্রমে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্পৃক্ত থাকার আমন্ত্রণ জানান তিনি।

