অভিনব কায়দায় কোটি টাকার সোনা পাচার, বিমানবন্দরে ভারতীয় আটক
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিনব কৌশলে স্বর্ণ পাচারের ঘটনায় এক ভারতীয় নাগরিককে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। আটক হওয়া থামিম আনসারি নামের ওই যাত্রীর আন্ডারওয়ারের ভেতর লুকিয়ে রাখা অবস্থায় প্রায় এক কোটি টাকার স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
গত শনিবার (১ আগস্ট) সকালে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে ছেড়ে আসা এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটযোগে চট্টগ্রামে আসেন থামিম আনসারি। গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার মুহূর্তে তাকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করে সিআইআইডির চট্টগ্রাম আঞ্চলিক দপ্তরের একটি টিম।
পরবর্তীতে তার দেহ তল্লাশি করা হলে অন্তর্বাসের ভেতর বিশেষ কায়দায় লুকানো ক্যাপসুল আকৃতির স্বর্ণসামগ্রী পাওয়া যায়। প্যাকিং সহ এই স্বর্ণের বর্ধিত ওজন ৪৫৫ গ্রাম নির্ণীত হয়েছে। তবে বর্তমানে স্বর্ণকারের সহায়তায় মোড়ক উন্মোচন করে প্রকৃত স্বর্ণের পরিমাণ ও হলমার্ক নির্ধারণ করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, এই স্বর্ণের বাজার মূল্য প্রায় এক কোটি টাকা।
এ ঘটনায় ওই ভারতীয় নাগরিকের বিরুদ্ধে কাস্টমস আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সিআইআইডি। সংস্থাটি আরও জানায়, বিমানবন্দর দিয়ে স্বর্ণ ও অন্যান্য পণ্য পাচার রোধে গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।

