পানি সংকট মোকাবেলায় ঢাকার চারপাশে গড়ে উঠছে ৭ কৃত্রিম জলাধার
রাজধানীর ক্রমবর্ধমান পানির চাহিদা মেটানো এবং ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে সাতটি কৃত্রিম জলাধার নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। গত ২৬ জুলাই অনুষ্ঠিত একনেক সভায় ‘ঢাকা শহরে জরুরি পানি সরবরাহ’ প্রকল্পের আওতায় এসব জলাধার নির্মাণের পরিকল্পনার অনুমোদন দেওয়া হয়েছে। এর মাধ্যমে ২০৫০ সাল পর্যন্ত ঢাকার পানি সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এই প্রকল্পের আওতায় আশুলিয়া, বেলাই বিল, মকস বিল, উত্তরখান, দাশেরকান্দি, কল্যাণপুর এবং গোড়ান চাটবাড়ি এলাকায় জলাধারগুলো স্থাপন করা হবে। এসব কৃত্রিম জলাধারে মোট ১৭ হাজার কোটি লিটার পানি সংরক্ষণের সক্ষমতা থাকবে। প্রকল্পটি বাস্তবায়নে মোট ৩২ হাজার ৯৮৪ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় অংশ আশুলিয়ায় (১৩ হাজার ১৬৭ কোটি টাকা) এবং বেলাই বিলে (৯ হাজার ২৭০ কোটি টাকা) ব্যয় হবে। এছাড়া মকস বিলে ৫ হাজার ৫৪৯ কোটি, উত্তরখানে ২ হাজার ২৮৯ কোটি, দাশেরকান্দিতে ২ হাজার ২৭৯ কোটি এবং কল্যাণপুর ও গোড়ান চাটবাড়িতে ৪৩০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
বর্তমানে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে দৈনিক পানির চাহিদা প্রায় ৩১৩ কোটি লিটারের বিপরীতে উৎপাদন সক্ষমতা রয়েছে ৩০০ কোটি লিটার। তবে দ্রুত নগরায়ণের কারণে ২০৩০ সাল নাগাদ এই চাহিদা দাঁড়াবে ৩৩০ কোটি লিটারে এবং ২০৫০ সালে তা বেড়ে হবে ৫৫০ কোটি লিটার। বর্তমানে প্রায় ৭৭ শতাংশ পানি আসে ১ হাজার ৩৮৮টি গভীর নলকূপ থেকে। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণে বৃষ্টির পানি সংরক্ষণ ও পুনঃব্যবহারের মাধ্যমে পানির অপচয় রোধ করাই এখন সরকারের জন্য অপরিহার্য হয়ে পড়েছে।

