রাজধানীর পানির সংকট লাঘবে ৭ কৃত্রিম জলাধার নির্মাণের উদ্যোগ

প্রাইম বার্তা অনলাইন
০১ আগস্ট ২০২৬ ১০:৩৪ এএম
রাজধানীর পানির সংকট লাঘবে ৭ কৃত্রিম জলাধার নির্মাণের উদ্যোগ

আগামী ২০৫০ সাল পর্যন্ত রাজধানীর পানির চাহিদা মেটানো এবং ভূগর্ভস্থ পানির ওপর অতিরিক্ত চাপ কমাতে সাতটি কৃত্রিম জলাধার নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এই মহাপরিকল্পনার আওতায় ঢাকা ও এর আশপাশের এলাকায় ১৭ হাজার কোটি লিটার পানি সংরক্ষণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

গত ২৬ জুলাই অনুষ্ঠিত একনেক সভায় ‘ঢাকা শহরে জরুরি পানি সরবরাহ’ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। আশুলিয়া, বেলাই বিল, মকস বিল, উত্তরখান, দাশেরকান্দি, কল্যাণপুর এবং গোড়ান চাটবাড়িতে এসব জলাধার স্থাপন করা হবে। এর মাধ্যমে বৃষ্টির পানি সংরক্ষণ ও পানি পুনর্ব্যবহার করে অপচয় রোধের পাশাপাশি ভবিষ্যতের চাহিদা পূরণ করা হবে।

প্রকল্পটি বাস্তবায়নে মোট ৩২ হাজার ৯৮৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় অংশ আশুলিয়ায় (১৩ হাজার ১৬৭ কোটি টাকা) এবং বেলাই বিলে (৯ হাজার ২৭০ কোটি টাকা) ব্যয় হবে। অন্যদিকে, বর্তমানে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে দৈনিক পানির চাহিদা ৩১৩ কোটি লিটারের বিপরীতে উৎপাদন সক্ষমতা ৩০০ কোটি লিটার।

দ্রুত নগরায়ণের কারণে ২০৫০ সালে এই চাহিদা দাঁড়াবে দিনে ৫৫০ কোটি লিটার। বর্তমানে পানি সরবরাহের ৭৭ শতাংশ নির্ভর করে ১ হাজার ৩৮৮টি গভীর নলকূপের ওপর, যা ভূগর্ভস্থ পানির স্থিতিশীলতার জন্য হুমকি। তাই এই পরিস্থিতি মোকাবেলায় ভূ-উপরিস্থ পানির দিকে ঝুঁকা এখন সময়ের দাবি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...