পানি সংকটে ঢাকা: ৭ কৃত্রিম জলাধারে সংরক্ষিত হবে ১৭ হাজার কোটি লিটার
আগামী ২০৫০ সাল পর্যন্ত রাজধানী ঢাকার পানির স্থায়ী সমাধান নিশ্চিত করতে সরকার ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে। ভূগর্ভস্থ পানির ওপর অতিরিক্ত চাপ কমাতে এবং বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে সরবরাহ নিশ্চিত করতে সাতটি কৃত্রিম জলাধার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। গত ২৬ জুলাই ‘ঢাকা শহরে জরুরি পানি সরবরাহ’ শীর্ষক প্রকল্পটির অনুমোদন দিয়েছে একনেক সভা।
এই মেগা প্রকল্পের আওতায় রাজধানীর আশপাশের আশুলিয়া, বেলাই বিল, মকস বিল, উত্তরখান, দাশেরকান্দি, কল্যাণপুর এবং গড়ান চাটবাড়িতে জলাধারগুলো স্থাপন করা হবে। প্রকল্পটি বাস্তবায়নে মোট ৩২ হাজার ৯৮৪ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় অংশ বরাদ্দ রাখা হয়েছে আশুলিয়া প্রকল্পে, যেখানে খরচ হবে ১৩ হাজার ১৬৭ কোটি টাকা। এছাড়া বেলাই বিলে ৯ হাজার ২৭০ কোটি এবং মকস বিলে ৫ হাজার ৫৪৯ কোটি টাকা ব্যয় প্রাক্কলন করা হয়েছে। এসব জলাধারে মোট ১৭ হাজার কোটি লিটার পানি সংরক্ষণ করা সম্ভব হবে।
বর্তমানে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে দৈনিক পানির চাহিদা প্রায় ৩১৩ কোটি লিটার, যার বিপরীতে উৎপাদন সক্ষমতা ৩০০ কোটি লিটার। দ্রুত নগরায়নের ফলে ২০৫০ সাল নাগাদ এই চাহিদা দাঁড়াবে দিনে ৫৫০ কোটি লিটার। স্বল্পতা পূরণ ও ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমাতে এখনই ভূ-উপরিস্থ পানির দিকে ঝুঁকতে হচ্ছে। এই জলাধারগুলো চালু হলে বৃষ্টির পানি পুনঃব্যবহারের মাধ্যমে অপচয় রোধ সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

