সম্প্রীতির বন্ধনে সাম্যের চট্টগ্রাম গড়ার ডাক দিলেন মেয়র শাহাদাত

প্রাইম বার্তা অনলাইন
০১ আগস্ট ২০২৬ ৭:৩৩ এএম
সম্প্রীতির বন্ধনে সাম্যের চট্টগ্রাম গড়ার ডাক দিলেন মেয়র শাহাদাত

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ধর্ম বা বর্ণ নির্বিশেষে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করেই সাম্যের চট্টগ্রাম গড়ে তুলতে হবে। তিনি জানান, পারস্পরিক শ্রদ্ধা ও ন্যায়ভিত্তিক সহাবস্থানের মাধ্যমেই সমাজের উন্নতি সম্ভব। শুক্রবার (৩১ জুলাই) নগরীর বাকলিয়ায় সৎসঙ্গ বিহার আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জগজ্জননী শ্রীশ্রী বড়মার ১৩৩তম শুভ আবির্ভাব দিবস এবং সৎসঙ্গ বিহার চট্টগ্রামের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেয়র বলেন, চট্টগ্রাম যুগে যুগে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে এসেছে। এই ঐতিহ্য ধরে রাখতে হলে মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ ও সহনশীলতা বৃদ্ধি করা জরুরি। তিনি আরও বলেন, একটি সভ্য সমাজ গঠনে শুধু অবকাঠামোগত উন্নয়ন যথেষ্ট নয়; এর সাথে নৈতিকতা ও সামাজিক সংহতি অপরিহার্য। ধর্মীয় প্রতিষ্ঠানগুলো মানুষের মননে শান্তি ও আত্মশুদ্ধির যে শিক্ষা দেয়, তা সমাজের স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী, বিএনপি নেতা নুরুল ইসলাম নুরু, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতা রাজীব ধর তমাল ও সুব্রত আদিত্য।

সিটি করপোরেশন প্রধান বলেন, তারা একটি অন্তর্ভুক্তিমূলক নগর গড়ে তুলতে কাজ করছেন। নাগরিক সেবায় কোনো ধর্ম বা সম্প্রদায়ের ভিত্তিতে বৈষম্য করা হবে না। তিনি সবাইকে সম্প্রীতির পরিবেশ অটুট রাখতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...