ঢাকাকে ক্লিন সিটি হিসেবে গড়তে নিজেই গাড়ি চালালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ঢাকাকে আধুনিক ও পরিচ্ছন্ন ‘ক্লিন সিটি’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাজধানীর বিভিন্ন এলাকার সড়ক ও বর্জ্য ব্যবস্থাপনার বাস্তব চিত্র দেখতে শুক্রবার বিকেলে নিজেই গাড়ি চালিয়ে রাস্তায় নামেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে গুলশান ও শ্যামলীসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন তিনি। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।
শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪টা ৫ মিনিটে গুলশানের বাসভবন থেকে বের হন প্রধানমন্ত্রী। নগরীর বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা অবস্থা সরেজমিনে দেখার জন্য এ পরিদর্শন করেন তিনি। প্রায় দুই ঘণ্টার এ পথচলায় বিকেল ৬টা ১০ মিনিটে তার গাড়ি শ্যামলী এলাকা অতিক্রম করতে দেখা যায়। জানা গেছে, পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব মেহেদুল ইসলাম ও সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানী।
প্রধানমন্ত্রী বারবার তাগিদ দিয়েছেন যে তিনি ঢাকাকে আধুনিক ও পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি মূল্যায়নে তিনি এবার নিজেই সরেজমিনে তথ্য যাচাই করলেন।

