প্রক্সি পরীক্ষার্থীর মাধ্যমে চাকরি: ৪৫তম বিসিএস সুপারিশপ্রাপ্তসহ গ্রেফতার
সরকারি চাকরির বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রক্সি পরীক্ষার্থী ব্যবহার করে প্রতারণার মাধ্যমে চাকরি অর্জনের অভিযোগে ৪৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত একজনসহ তিন সরকারি চাকরিজীবীকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত ৩০ জুলাই চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন চট্টগ্রামের আগ্রাবাদ কর অঞ্চল-২ এর কার্যালয়ের অফিস সহায়ক নুরন্নবী (৫৫) ও মো. সোহেল (৪০) এবং মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জুনিয়র সহকারী ব্যবস্থাপক জুলফিকার আলী ওরফে রায়হান (২৯)। এর মধ্যে জুলফিকার আলী সম্প্রতি ৪৫তম বিসিএস পরীক্ষার সমবায় ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন। সিআইডি সূত্রে জানা যায়, নোয়াখালী কর অঞ্চলের নিয়োগ পরীক্ষার লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার উত্তরপত্রের হাতের লেখায় গুরুতর অসঙ্গতি ধরা পড়লে তদন্ত শুরু হয়। জিজ্ঞাসাবাদে প্রার্থীরা স্বীকার করেন যে, তাদের পরিবর্তে অন্য কেউ এসব পরীক্ষায় অংশ নিয়েছিল।
তদন্তে উঠে আসে, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে অর্থের বিনিময়ে প্রক্সি পরীক্ষার্থী সরবরাহ করে সরকারি চাকরির পরীক্ষায় অনিয়ম করে আসছিল। এ ঘটনায় গত ২২ জুন সুধারাম মডেল থানায় প্রতারণা ও জালিয়াতির অভিযোগে একটি মামলা দায়ের করা হয়, যার তদন্তভার পরবর্তীতে সিআইডির ওপর ন্যস্ত করা হয়।

