ভুয়া ভিসা চক্রের দুই সদস্য গ্রেফতার, কোটি টাকা আত্মসাতের অভিযোগ

প্রাইম বার্তা অনলাইন
৩১ জুলাই ২০২৬ ৯:১৮ পিএম
ভুয়া ভিসা চক্রের দুই সদস্য গ্রেফতার, কোটি টাকা আত্মসাতের অভিযোগ

বিদেশে উচ্চ বেতনের চাকরি ও স্থায়ীভাবে বসবাসের প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। এ ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন মারিফুল ইসলাম (২১) ও হাসিনুর রহমান ওরফে বাচ্চা বাউ (২৮)। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে মঙ্গলবার (২৮ জুলাই) নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ভুয়া ভিসা তৈরির কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, সাতটি মোবাইল ফোন, ১৩টি সিম কার্ড এবং নয়টি জাল বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করে পুলিশ।

শুক্রবার (৩১ জুলাই) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, অস্ট্রেলিয়ায় চাকরির আশায় মো. ছায়েদুল হক নামের এক ব্যক্তি ওই চক্রটির কথায় বিশ্বাস করে প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা পরিশোধ করেন। টাকা নেওয়ার পরও তাকে বিদেশে পাঠানোর কোনো ব্যবস্থা না করায় এবং বাড়তি অর্থের দাবি তোলায় তিনি পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অস্ট্রেলিয়া ও কানাডার আকর্ষণীয় চাকরির বিজ্ঞাপন দিয়ে মানুষকে প্রলুব্ধ করত। এরপর জাল ভিসা, ভুয়া কাগজপত্র এবং একটি ভুয়া ভেরিফিকেশন ওয়েবসাইটের মাধ্যমে তাদের সর্বস্ব লুটে নিতেন তারা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...