আইনের প্রতীকরাই নিরাপত্তাহীন, ছয় মাসে আক্রমণের শিকার ৩১৭ পুলিশ
দেশে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা পুলিশ বাহিনীর সদস্যরাই এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি থেকে জুন) সারাদেশে মোট ৩১৭ জন পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে। পুলিশ সদর দপ্তরের তথ্যমতে, এপ্রিল মাসে সর্বোচ্চ ৬৬ জন এবং মার্চে ৬৩ জন সদস্য হামলার শিকার হয়েছেন। এছাড়া জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ৪২ জন করে এবং মে ও জুন মাসে যথাক্রমে ৫৫ ও ৪৯ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।
সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরে ঘটে যাওয়া এক ঘটনা এই উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। গত ২২ জুলাই রাত সাড়ে ৯টার দিকে মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এলাকায় স্ত্রী ও সন্তানসহ বাসায় ফেরার পথে এসআই ওসমান গনির ওপর অতর্কিতে হামলা করে এক দুর্বৃত্ত। পেছন থেকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায় সে। ওসমান গনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে পুলিশের বিশেষ শাখায় (এসবি) কর্মরত। এই ঘটনার দিন সকালে অজ্ঞাত তিনজন ব্যক্তি তার মোবাইলে ফোন করে পাসপোর্টের কথা বলেছিলেন বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে তার পিঠে ৪৫টি সেলাই পড়ে।
ঘটনার রেশ কাটতে না কাটতেই গত ২৫ জুলাই চট্টগ্রাম নগরের আমবাগান এলাকায় মাদক মামলার এক আসামিকে গ্রেফতার করতে যান ডবলমুরিং থানার এসআই মবিনুল ইসলাম। এ সময় দুর্বৃত্তরা তার ওপর হামলা চালিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। আহত ওসমান গনিকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত রোববার চট্টগ্রাম থেকে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। একের পর এক হামলার ঘটনায় পুলিশ সদস্যদের মধ্যে নিরাপত্তাবোধ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

