ঢাকাজুড়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৪৩৩, জব্দ হলো মাদক ও দেশীয় অস্ত্র
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীজুড়ে নিয়মিত অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এর অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৪৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে তাদের বিরুদ্ধে মোট ২৭টি মামলা দায়ের করেছে পুলিশ।
শুক্রবার (৩১ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদক নির্মূল ও অপরাধ দমনে এই অভিযান পরিচালনা করা হয়। বিভিন্ন বিভাগের মধ্যে সবচেয়ে বেশি ১২২ জনকে মিরপুর বিভাগে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মতিঝিল বিভাগে ৯৬ জন, উত্তরায় ৪৯ জন, ওয়ারিতে ৩৬ জন, তেজগাঁও ও গুলশান বিভাগে ৩৮ জন করে, রমনায় ২৭ জন এবং লালবাগে ২৪ জনকে আটক করা হয়। এছাড়া গোয়েন্দা বিভাগ ৩ জনকে গ্রেফতার করেছে।
অভিযানে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। জব্দ করা হয়েছে ২৪ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৯৪০ পিস ইয়াবা, ৩০টি মোবাইল ফোন, ৩টি চাকু, একটি বৈদ্যুতিক শক দেওয়ার যন্ত্র এবং ৩টি পরিত্যক্ত গুলি। এছাড়া একটি মিশুক গাড়ি, একটি মোটরসাইকেল ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন নিয়াজ মেহেদী।

