শ্রমিক ঐক্যেই দেশের পরিবর্তন, দিকনির্দেশনা দেবে শ্রমজীবীরা
বাংলাদেশকে একটি বৈষম্যহীন রাষ্ট্রে রূপান্তর করতে শ্রমিক শ্রেণিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। তিনি বলেন, দেশের ২০ কোটি মানুষের মধ্যে সাড়ে সাত কোটি শ্রমিক রয়েছেন এবং এই বিশাল জনগোষ্ঠী ঐক্যবদ্ধ হলে তাদের পরাজিত করা কারো পক্ষেই সম্ভব হবে না। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সম্মিলিত শ্রমিক পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এই শ্রমিক নেতা মনে করেন, আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে মূল দিকনির্দেশনা দেবে এই শ্রমিক শ্রেণি। তিনি জানান, ভৌগোলিক ও অর্থনৈতিক কারণে বিশ্ব রাজনীতিতে বাংলাদেশের গুরুত্ব এখন অনেক বেড়েছে। এশিয়ার জ্বালানি চাহিদার ৮০ ভাগ এখন এই অঞ্চলে কেন্দ্রীভূত এবং জীবাশ্ম জ্বালানি পরিবহনে বঙ্গোপসাগর একটি গুরুত্বপূর্ণ গেটওয়ে হিসেবে কাজ করছে। এ কারণে রাশিয়া, চীন, আমেরিকা, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদার হচ্ছে।
অ্যাডভোকেট শিমুল বিশ্বাস আরও বলেন, মিথ্যা তথ্য বা গল্প ফাঁদিয়ে উন্মাদনা তৈরি করা সঠিক নয়। সঠিক তথ্যের ওপর ভিত্তি করেই একটি শক্তিশালী ভিত্তি তৈরি করতে হবে। বাংলাদেশের সম্ভাবনাকে কাজে লাগিয়ে শ্রমিকদের ঐক্যই হবে দেশের ইতিবাচক পরিবর্তনের মূল চালিকাশক্তি।

