বারইপাড়া খালে মেয়র, ১০ লাখ মানুষের দুর্ভোগ লাঘব ও দখলমুক্ত রাখার ওপর গুরুত্ব
চট্টগ্রাম নগরীর বর্ষাকালীন জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বারইপাড়া খাল। বৃহস্পতিবার (৩০ জুলাই) এই খাল পরিদর্শনে এসে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন খালের বর্তমান অবস্থা, পানি প্রবাহ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি খালের মুখ থেকে সব ধরনের অবৈধ দখল ও দূষণ দমনে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন।
পরিদর্শনকালে মেয়র জানান, বারইপাড়া খাল খনন কাজ সম্পন্ন হওয়ার ফলে পূর্ব বাকলিয়া, পূর্ব ষোলশহর ও পশ্চিম বাকলিয়া এলাকার প্রায় ১০ লাখ মানুষ এখন আর আগের মতো জলাবদ্ধতার কবলে পড়ছে না। খালের দুই পাড়ে ফুটপাত নির্মাণ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে স্থানীয়দের জীবনমান বদলে গেছে। তিনি সংশ্লিষ্ট প্রকৌশলীদের খালের পানি প্রবাহ স্বাভাবিক রাখতে এবং রক্ষণাবেক্ষণ কাজ আরও জোরদার করতে নির্দেশ প্রদান করেন। এ সময় চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান ও প্রকৌশলী ফরহাদুল আলম উপস্থিত ছিলেন।
মেয়র স্পষ্ট ভাষায় বলেন, চট্টগ্রামকে জলাবদ্ধতামুক্ত রাখতে হলে খালগুলোর প্রবাহ অব্যাহত রাখা জরুরি। খালে আবর্জনা ফেলা বা পানি প্রবাহে বাধা সৃষ্টি করা কোনোভাবেই সহ্য করা হবে না। তিনি নগরবাসীর প্রতি খাল দখল ও দূষণ রোধে সিটি কর্পোরেশনকে সহযোগিতা করার আহ্বান জানান। চসিক একটি পরিচ্ছন্ন, সবুজ ও আধুনিক নগরী গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

