পার্কিং দখল ও নকশা বহির্ভূত: চট্টগ্রামের ৫ হাসপাতালকে চউকের এক মাসের সময়

প্রাইম বার্তা অনলাইন
৩১ জুলাই ২০২৬ ১১:০৭ এএম
পার্কিং দখল ও নকশা বহির্ভূত: চট্টগ্রামের ৫ হাসপাতালকে চউকের এক মাসের সময়

চট্টগ্রাম নগরের বেসরকারি হাসপাতালগুলোর অনুমোদিত নকশা ও পার্কিং ব্যবস্থায় গুরুতর অনিয়মের অভিযোগ পায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। এসব অনিয়ম দূর করতে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে এক মাসের সময় বেঁধে দিয়েছে সংস্থাটি। নির্ধারিত সময়ের মধ্যে পার্কিং অবমুক্ত ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ঠিক না করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে চউক।

বৃহস্পতিবার (৩০ জুলাই) চউক চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেনের নেতৃত্বে মেহেদিবাগ ও পাঁচলাইশ এলাকার প্রধান পাঁচটি হাসপাতাল পরিদর্শন করা হয়। এগুলো হলো ন্যাশনাল, ম্যাক্স, এরিস্ট্রোকেয়ার, ইপিক এবং পপুলার হাসপাতাল। পরিদর্শনকালে দেখা যায়, বেশিরভাগ হাসপাতালই আবাসিক ভবনের অনুমোদন নিয়ে বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে চলছে। অনেক হাসপাতালে নির্ধারিত পার্কিংয়ের জায়গায় গড়ে তোলা হয়েছে দোকান, ওয়াশিং প্ল্যান্ট বা নামাজের স্থান। ফলে রোগীদের যানবাহন সড়কের ওপর রাখতে হয়, যা তীব্র যানজটের সৃষ্টি করছে।

বিস্তারিত তথ্য অনুযায়ী, ন্যাশনাল হাসপাতালে অনুমোদিত ৫০টির বদলে মাত্র ২৮টি পার্কিং পাওয়া গেছে। ম্যাক্স হাসপাতালে রোগীদের জায়গায় চিকিৎসকদের গাড়ি রাখা হচ্ছে। এরিস্ট্রোকেয়ার হাসপাতাল পরিচালনার জন্য প্রয়োজনীয় ভূমি ব্যবহারের ছাড়পত্রই নেয়নি। আর ইপিক হাসপাতালে পার্কিংয়ের জায়গায় দোকান ভাড়া দেওয়া এবং নকশার বাইরে লিফট নির্মাণ করায় এর এক্সটেনশন ভবনের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। পরিদর্শন শেষে হাসপাতালগুলোকে এক মাসের মধ্যে সংশোধনের জন্য লিখিত নির্দেশনা প্রদান করেন চউক কর্তৃপক্ষ।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...