বগুড়ায় ফ্লাইং ইন্সট্রাক্টরস কোর্সের সনদ পেলেন ১৬ বিমানবাহিনী কর্মকর্তা
বগুড়াস্থ এরুলিয়া এয়ারফিল্ডে বাংলাদেশ বিমানবাহিনীর উড্ডয়ন প্রশিক্ষক স্কুলে অনুষ্ঠিত হলো ৬৭তম ফ্লাইং ইন্সট্রাক্টরস কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠান। গত বৃহস্পতিবার (৩০ জুলাই) আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৬ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তার হাতে সনদপত্র তুলে দেন সহকারী বিমানবাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই প্রশিক্ষণার্থীরা এখন থেকে উড্ডয়ন প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন এবং তাদের দক্ষতায় গড়ে উঠবে আগামী দিনের দক্ষ ও আত্মবিশ্বাসী বৈমানিক। আকাশসীমার সার্বভৌমত্ব রক্ষায় এই নবীন প্রশিক্ষকদের ভূমিকা অপরিসীম। কোর্সে সার্বিকভাবে সেরা প্রদর্শনের স্বীকৃতি হিসেবে ‘মফিজ ট্রফি’ অর্জন করেন স্কোয়াড্রন লিডার মির্জা মো. জুবাইর হোসেন। অনুষ্ঠানে ফ্লাইং ইন্সট্রাক্টরস স্কুলের অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন মুহাম্মদ সাইফুল ইসলাম কোর্সের বিস্তারিত বিবরণ পেশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমানবাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের এয়ার অধিনায়ক এবং বিমানবাহিনী ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের কমান্ড্যান্টসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

