বিমানবন্দরে ট্রলি নিয়ে বিতর্ক: ভাইরাল ভিডিওর পেছনের সত্য জানাল আনসার
সামাজিক যোগাযোগমাধ্যমে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি নিয়ে ছড়িয়ে পড়া বিতর্কিত ভিডিওর নিরপেক্ষ অনুসন্ধান প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বৃহস্পতিবার জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, ভাইরাল ওই ভিডিওটি ঘটনার অংশবিশেষ মাত্র, যার প্রেক্ষাপট না থাকায় সাধারণ মানুষের মনে বিভ্রান্তি তৈরি হয়েছে।
আনসার সদর দপ্তরের গণসংযোগ শাখা সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে বিমানবন্দরের ক্যানোপি-২ এর বহির্গেট দিয়ে বেশ কয়েকজন প্রবাসীর স্বজন বিধি লঙ্ঘন করে অভ্যন্তরে প্রবেশের চেষ্টা চালান। নিরাপত্তা বেষ্টনী ঠিক রাখতে দায়িত্বরত আনসার সদস্যরা তাদের প্রবেশে বাধা প্রদান করলে ওই ব্যক্তিরা উত্তেজিত হয়ে ওঠেন এবং দায়িত্বরত সদস্যদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নিয়ম ভঙ্গের প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে ওই ব্যক্তিরা বিমানবন্দরের ট্রলি নির্দিষ্ট সীমার বাইরে নিয়ে যেতে উদ্যত হন। নিরাপত্তা বিধি অনুযায়ী ট্রলি বের করা নিষিদ্ধ থাকায় আনসার সদস্যরা তা প্রতিহত করলে দুই পক্ষের মাঝে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। তবে বাধ্য হয়ে তারা অবশেষে ট্রলি ব্যবহার না করেই হাতে করে মালামাল নিয়ে সেখান থেকে চলে যান। আনসার ও ভিডিপির সার্কেল অ্যাডজুটেন্ট মো. শহিদুজ্জামান রাজু স্বাক্ষরিত এই প্রতিবেদনে ভাইরাল ভিডিওর পূর্ণাঙ্গ ঘটনা তুলে ধরা হয়েছে।

