হাইকোর্টের আদেশে কারাগার থেকে মুক্ত হচ্ছেন টেম্পু ইসমাইল
চট্টগ্রাম মহানগর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইসমাইল হোসেন ওরফে টেম্পু ইসমাইলের জামিনে মুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে। হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন ও তার বিরুদ্ধে দেওয়া শোন অ্যারেস্ট প্রত্যাহারের আবেদন গ্রহণ করে চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট-৪ এর আদালত এই মুক্তির আদেশ দিয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, রিট পিটিশন নং-৭৯৪৮/২০২৬-এর পরিপ্রেক্ষিতে গত ৮ জুলাই বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ইসমাইলকে শোন অ্যারেস্ট না দেখাতে এবং হয়রানি না করতে নির্দেশ দিয়েছিলেন। অথচ ওই আদেশ থাকা সত্ত্বেও পরবর্তীতে তাকে একটি মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়, যা আদালতের নির্দেশনার পরিপন্থি। এটি আদালত অবমাননার শামিল হতে পারে বলে আবেদনে উল্লেখ করা হয়।
পুলিশের তথ্য মতে, টেম্পু ইসমাইলের বিরুদ্ধে খুন, ডাকাতি, অপহরণ, অস্ত্র ও মাদক আইনে ৩০টির বেশি মামলা বিচারাধীন রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলে সন্ত্রাস, চাঁদাবাজি এবং মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছেন বলে অভিযোগ রয়েছে। ২০১৪ সালে চান্দগাঁও থানা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিনি পায়ে গুলিবিদ্ধ হন।
আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, জামিনে মুক্ত হওয়ার পর তিনি পুনরায় অপরাধ জগতে জড়িয়ে পড়েছেন। চান্দগাঁও, পাঁচলাইশ, বায়েজিদ বোস্তামী ও মুরাদপুরসহ আশপাশের এলাকায় ভবন নির্মাণসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদা আদায় এবং আধিপত্য বিস্তারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

