ধর্ষণ-নির্যাতনে সবচেয়ে বেশি ঝুঁকিতে কন্যাশিশুরা: মহিলা পরিষদ

প্রাইম বার্তা অনলাইন
২৮ জুলাই ২০২৬ ৩:২৬ এএম
ধর্ষণ-নির্যাতনে সবচেয়ে বেশি ঝুঁকিতে কন্যাশিশুরা: মহিলা পরিষদ

দেশে নারী ও শিশুর প্রতি সহিংসতা এমন পর্যায়ে পৌঁছেছে যা এখন জাতীয় সংকট রূপে আবির্ভূত হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ তাদের সর্বশেষ প্রতিবেদনে উদ্বেগজনক এই তথ্য তুলে ধরেছে যে, ধর্ষণ, হত্যা, বাল্যবিবাহ ও যৌতুক নির্যাতনের ঘটনায় কন্যাশিশু ও নারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সোমবার (২৭ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘বাংলাদেশে নারী ও কন্যা নির্যাতন চিত্র-২০২৫’ শীর্ষক এই প্রতিবেদন প্রকাশ করা হয়।

প্রতিবেদনে উপস্থাপিত তথ্য অনুযায়ী, ১৪টি জাতীয় দৈনিকের ভিত্তিকে পরিসংখ্যানে দেখা যায়, কন্যাশিশুরা দলবদ্ধ ধর্ষণ, আত্মহত্যা এবং ধর্ষণের চেষ্টার মতো ঘটনার শিকার হচ্ছে সবচেয়ে বেশি। সংখ্যার দিক থেকে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে ১৪২টি, আত্মহত্যা ২০৩টি এবং ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটেছে ১১৭টি। অপরদিকে, প্রাপ্তবয়স্ক নারীরা ৭৫৬টি হত্যা, ৩৭৬টি ধর্ষণ এবং ১২৫টি যৌন হয়রানির শিকার হয়েছেন। সংবাদ সম্মেলনে সমীক্ষার এসব তথ্য উপস্থাপন করেন সংগঠনের সিনিয়র প্রশিক্ষণ ও গবেষণা কর্মকর্তা আফরুজা আরমান।

এই পরিস্থিতির জন্য বিচারহীনতার সংস্কৃতিকে প্রধান দায়ী করেছেন মহিলা পরিষদের নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করা সংগঠনের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম মনে করেন, অপরাধীদের দায়মুক্তি পেতে সাহায্য করছে প্রভাবশালীদের হস্তক্ষেপ, তদন্তে অযথা বিলম্ব এবং ভুক্তভোগীকেই দোষারোপ করার প্রবণতা। এমন পরিস্থিতিতে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধীদের বিচারের মুখোমুখি করা এখন সময়ের দাবি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...