আলোচিত সন্ত্রাসীর দুই সহযোগী গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ দুই জনকে আটক করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। গ্রেফতারকৃতরা আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের ঘনিষ্ঠ সহযোগী বলে দাবি করেছে পুলিশ। গত রোববার রাতে ওয়াজেদিয়া খেলার মাঠ সংলগ্ন অক্সিজেন-কোয়াইশ সড়ক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন ২৫ বছর বয়সী মো. আসিফ এবং ২৪ বছর বয়সী সাইদুল ইসলাম ওরফে আরিফ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানের সময় তারা পুলিশের উপস্থিতি টের পেলে পালানোর চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে তাদের দৌড়ে ধরে তল্লাশি চালানো হলে আসিফের কোমর থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি এবং আরিফের পকেট থেকে আরও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়। পুলিশ জানায়, আসিফ একটি মামলার পলাতক আসামি এবং তারা কোনো ধরনের অস্ত্রের লাইসেন্স দেখাতে পারেননি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, তারা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র সংগ্রহ করে নগর ও জেলার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। তারা চাঁদাবাজির প্রস্তুতি নিচ্ছিলেন বলেও স্বীকার করেছে। এ ঘটনায় বায়েজিদ বোস্তামী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

