শাহজালালে হারানো শিশুকে উদ্ধার করলেন আনসার সদস্যরা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চোখের পানি ফুরিয়ে ফেলেছিলেন ইতালি প্রবাসীর পরিবার। অবশেষে দায়িত্বরত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের তৎপরতায় হারানো ছয় বছরের শিশুটি ফিরে পায় তার পরিবার। সোমবার (২৭ জুলাই) সকালে বিমানবন্দরের কার পার্কিং এলাকা থেকে শিশু আব্দুল্লাহ মাতব্বরকে উদ্ধার করে তার মামার কাছে নিরাপদে তুলে দেওয়া হয়।
জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে বিমানবন্দরের বহুতল কার পার্কিং এলাকায় একাকী ও কান্নারত অবস্থায় শিশুটিকে দেখতে পান কর্তব্যরত আনসার সদস্য মো. মিজানুর রহমান। তাৎক্ষণিক তিনি শিশুটিকে নিরাপদ আশ্রয়ে নিয়ে শিফট ইনচার্জ পিসি মো. নিজাম উদ্দিনকে বিষয়টি অবহিত করেন। পরে শিশুটির কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের বিভিন্ন স্থানে তার স্বজনদের খোঁজ শুরু করেন আনসার সদস্যরা। একই সাথে মাইকিং করেও তার অভিভাবকদের সন্ধানের চেষ্টা চালানো হয়।
দীর্ঘ খোঁজাখুঁজির পর বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকা থেকে শিশুটির মামা মো. সুমন মাতব্বরকে শনাক্ত করা সম্ভব হয়। পরে ডিএসও অফিসে নিয়ে আনুষ্ঠানিকতা শেষে কর্তৃপক্ষের উপস্থিতিতে শিশুটিকে তার মামার জিম্মায় তুলে দেওয়া হয়। এই ঘটনায় শিশুটির স্বজনরা আনসার সদস্যদের দায়িত্বশীলতা ও মানবিক আচরণের প্রশংসা করেছেন। উদ্ধার হওয়া শিশু মো. আব্দুল্লাহ মাতব্বর ইতালি প্রবাসী মোহাম্মদ আজিজুল ইসলামের পুত্র।

