চট্টগ্রামে বসছে চায়না ইকোনমিক জোন, উদ্বোধন করলেন অর্থমন্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
২৭ জুলাই ২০২৬ ১:৩৮ পিএম
চট্টগ্রামে বসছে চায়না ইকোনমিক জোন, উদ্বোধন করলেন অর্থমন্ত্রী

দীর্ঘ প্রায় এক দশক ধরে চলা আলোচনা ও প্রশাসনিক জটিলতা অবশেষে পেছনে ফেলে চট্টগ্রামের আনোয়ারায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের (সিইআইজেড) নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকালে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিশাল প্রকল্পের গ্রাউন্ডব্রেকিং এবং অবকাঠামো উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

প্রকল্পটি বাস্তবায়নের জন্য ৭৮৩ একর সরকারি জমি বরাদ্দ দেওয়া হয়েছে, যেখানে মোট ৪ হাজার ১৮৯ কোটি ৪৬ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ সরকার ১ হাজার ৭২২ কোটি টাকা এবং বাকি ২ হাজার ৪৬৭ কোটি টাকা চীন সরকারের প্রেফারেনশিয়াল বায়ার্স ক্রেডিট থেকে আসবে। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং বাংলাদেশ সিইআইজেড কোম্পানি লিমিটেডের যৌথ উদ্যোগে এই প্রকল্পটি পরিচালিত হবে এবং ২০৩১ সালের ডিসেম্বরের মধ্যে এর কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এছাড়াও বাংলাদেশে নিয়ুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং সিইআইজেডের চেয়ারম্যান ওয়াং বেনচিয়ানসহ উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। ২০১৬ সালে চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের বাংলাদেশ সফরের সময় এই প্রকল্পের মূল ভিত্তি স্থাপিত হলেও নানা প্রক্রিয়াগত জটিলতার কারণে এতদিন এর বাস্তবায়ন সম্ভব হয়নি।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই অর্থনৈতিক অঞ্চলটি পূর্ণাঙ্গ রূপ পেলে প্রায় ৫০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ আসবে, যা দেশের অর্থনীতির জন্য মাইলফলক হিসেবে গণ্য হবে। এখানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এক লাখের বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, যা বেকারত্ব দূরীকরণে বড় ভূমিকা রাখবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...