কাঠমান্ডুতে বাংলাদেশি আমের স্বাদে মুগ্ধ সার্ক মহাসচিব ও কূটনীতিকরা
নেপালের রাজধানী কাঠমান্ডুতে বাংলাদেশি আমের স্বাদ ও গুণগত মান তুলে ধরতে এক বর্ণাঢ্য উৎসবের আয়োজন করেছে সেখানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। গত রোববার (২৬ জুলাই) দূতাবাস সংলগ্ন উৎসব ব্যাংকুয়েট হলে ‘বাংলাদেশ ম্যাঙ্গো ডেলিকেসি’ শিরোনামে এই অনুষ্ঠানের মাধ্যমে দেশের আমের বৈচিত্র্য এবং এর আন্তর্জাতিক বাজারে রপ্তানির সম্ভাবনার কথা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্ক মহাসচিব রাষ্ট্রদূত মো. গোলাম সারওয়ার। এছাড়া নেপালের পররাষ্ট্র সচিবের প্রতিনিধি হিসেবে যুগ্মসচিব গহেন্দ্র রাজভাণ্ডারী, বিভিন্ন দেশের কূটনীতিক, সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্যে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের উর্বর মাটি ও আবহাওয়া সেরা মানের আম উৎপাদনে সহায়ক। তিনি খিরসাপাত, হারিভাঙা, ল্যাংড়া, ফজলি, গোপালভোগ, আম্রপালি ও বারি আমের মতো জাতগুলোর প্রসঙ্গ তুলে ধরেন।
রাষ্ট্রদূত আরও জানান, বিজ্ঞানীদের গবেষণায় দেরিতে মৌসুমেও আম উৎপাদন সম্ভব হচ্ছে এবং বেসরকারি খাত আম দিয়ে জুস, জ্যাম, আচার ও নেকটারের মতো মূল্যসংযোজিত পণ্য তৈরিতে সফলতা পাচ্ছে। সার্ক মহাসচিব মো. গোলাম সারওয়ার দক্ষিণ এশিয়ার আমের ঐতিহ্যের কথা স্মরণ করে বলেন, এ অঞ্চলের রপ্তানি সম্ভাবনা কাজে লাগাতে দেশগুলোর মধ্যে কৃষি সহযোগিতা বাড়ানো জরুরি।

