মালেতে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, সম্পর্ক জোরদারে বিস্তৃত আলোচনা
রোববার (২৬ জুলাই) মালদ্বীপের রাজধানী মালেতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদামের মধ্যে একটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে বিস্তৃত আলোচনা হয়।
বৈঠকে অভিবাসন ও প্রবাসী কল্যাণ, পর্যটন শিল্পের প্রসার, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সহযোগিতা, সুনীল অর্থনীতি বা ব্লু ইকোনমি এবং সমুদ্রপথে সরাসরি যোগাযোগ বৃদ্ধির মতো বিষয়গুলো অগ্রাধিকার পায়। দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি এবং সমুদ্রপথে জাহাজ চলাচল চালুর মাধ্যমে দুই দেশের মধ্যে যোগাযোগ সহজতর করার বিষয়েও মতবিনিময় হয়। এছাড়া আগামী দিনে সম্ভাব্য উচ্চপর্যায়ের সফরের বিষয়েও দুই পক্ষ আলোচনা করে।
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এ সময় সরকারের ‘বাংলাদেশ ফার্স্ট’ বা বাংলাদেশ প্রথম নীতির কথা স্মরণ করিয়ে দেন এবং দুই বন্ধুভাবাপন্ন দেশের মধ্যে জনগণের পর্যায়ে সম্পর্ক গভীর করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। বৈঠকে মালদ্বীপের পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ ফাহমি হাসান এবং মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

