তরুণ প্রজন্মের সঠিক বিকাশেই দেশের অগ্রগতি: শ্রমমন্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
২৭ জুলাই ২০২৬ ১০:০২ এএম
তরুণ প্রজন্মের সঠিক বিকাশেই দেশের অগ্রগতি: শ্রমমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী মনে করেন, দেশের আগামী প্রজন্ম যথেষ্ট মেধাবী এবং সম্ভাবনায় ভরপুর। তাদের সঠিক পথ দেখাতে পারলে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে বলে তিনি আশাবাদী। রোববার (২৬ জুলাই) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সম্মেলন কক্ষে ‘মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬’ উপলক্ষে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের রচনা ও প্রবন্ধ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মত প্রকাশ করেন।

শ্রমমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার শ্রমিকবান্ধব। দক্ষ কর্মশক্তি ছাড়া কোনো জাতির অগ্রগতি সম্ভব নয়। চীন তাদের দক্ষ শ্রমিক কাজে লাগিয়েই বিশ্ব অর্থনীতিতে শক্ত অবস্থান তৈরি করেছে। উন্নত বিশ্বে কর্মক্ষেত্রে নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হলেও বাংলাদেশের কলকারখানাগুলোতে এখনও এ বিষয়ে পর্যাপ্ত গুরুত্ব দেওয়া হয় না। তিনি শ্রম পরিদর্শকদের নির্দেশ দেন, পরিদর্শনে গিয়ে কেবল আনুষ্ঠানিকতা শেষ না করে শ্রমিকদের সাথে সরাসরি কথা বলে তাদের সমস্যাগুলো বুঝতে এবং সমাধানে ভূমিকা রাখতে। কারণ এই জনশক্তিই দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ।

তরুণদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অহেতুক সময় নষ্ট না করে জ্ঞানচর্চা ও সৃজনশীল কাজে বেশি মনোযোগ দিতে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার। এতে সভাপতিত্ব করেন একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...