সঠিক পথনির্দেশনা পেলে তরুণরা দেশকে অনেক দূর এগিয়ে নেবে: শ্রমমন্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
২৭ জুলাই ২০২৬ ৮:২৬ এএম
সঠিক পথনির্দেশনা পেলে তরুণরা দেশকে অনেক দূর এগিয়ে নেবে: শ্রমমন্ত্রী

রাজধানীর বিজয়নগরস্থ শ্রম ভবনে রোববার (২৬ জুলাই) আয়োজিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, দেশের ভবিষ্যৎ প্রজন্ম অত্যন্ত মেধাবী ও সম্ভাবনাময়। তাদের যদি সঠিক পথনির্দেশনা দেওয়া যায়, তবে তারা বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। ‘মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬’ উপলক্ষে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের রচনা ও প্রবন্ধ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিতে গিয়ে তিনি তরুণদের ভবিষ্যৎ নিয়ে এই আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে আরিফুল হক চৌধুরী বলেন, দক্ষ মানবসম্পদ ছাড়া কোনো জাতির অগ্রগতি সম্ভব নয়। দক্ষ শ্রমশক্তিকে কাজে লাগিয়েই চীনের মতো দেশ বিশ্ব অর্থনীতিতে শক্ত অবস্থান তৈরি করেছে। উন্নত বিশ্বের মতো বাংলাদেশের কলকারখানাগুলোতে এখনও শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে পর্যাপ্ত গুরুত্ব দেওয়া হয় না। তিনি শ্রম পরিদর্শকদের উদ্দেশ্যে নির্দেশ দিয়ে বলেন, শুধু আনুষ্ঠানিকতা শেষ না করে মাঠে গিয়ে সাধারণ শ্রমিকদের সাথে কথা বলে তাদের আসল সমস্যাগুলো বুঝতে হবে এবং দ্রুত সমাধান করতে হবে। কারণ এই জনশক্তিই হলো দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ।

বর্তমান সরকার একটি শ্রমিকবান্ধব সরকার এবং এর সঠিক ব্যবহারের মাধ্যমেই দেশের সার্বিক উন্নয়ন সম্ভব বলে উল্লেখ করেন মন্ত্রী। এছাড়া তিনি তরুণ প্রজন্মকে সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত সময় নষ্ট না করে সৃজনশীল কাজে ও জ্ঞানচর্চায় বেশি মনোযোগ দেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার এবং এতে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...