তরুণ প্রজন্মের মেধায় দেশ এগোবে, নিরাপদ কর্মপরিবেশ চাই: শ্রমমন্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
২৭ জুলাই ২০২৬ ৭:০৮ এএম
তরুণ প্রজন্মের মেধায় দেশ এগোবে, নিরাপদ কর্মপরিবেশ চাই: শ্রমমন্ত্রী

রাজধানীর বিজয়নগরস্থ শ্রম ভবনে ‘মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, দেশের তরুণ প্রজন্ম অসাধারণ মেধাবী এবং তাদের যথাযথ পথপ্রদর্শন করা গেলে তারা জাতিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। রোববার (২৬ জুলাই) সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী জানান, বর্তমান সরকার শ্রমিকবান্ধব। দক্ষ জনশক্তি ছাড়া কোনো দেশের অগ্রগতি অসম্ভব। চীন তাদের দক্ষ শ্রমিকদের কার্যকর ব্যবহার করে বিশ্ব অর্থনীতিতে শক্তিশালী অবস্থান গড়ে তুলেছে। উন্নত দেশগুলোতে কর্মক্ষেত্রে নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হলেও বাংলাদেশের কলকারখানাগুলোতে এই বিষয়ে এখনও পর্যাপ্ত গুরুত্ব দেওয়া হয় না বলেও তিনি উল্লেখ করেন।

শ্রম পরিদর্শকদের উদ্দেশ্যে মন্ত্রী নির্দেশ দেন, পরিদর্শনের সময় কেবল আনুষ্ঠানিকতা শেষ না করে শ্রমিকদের সাথে সরাসরি কথা বলে তাদের সমস্যাগুলো বুঝতে হবে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। তিনি তরুণদের সামাজিক যোগাযোগমাধ্যমে অমূলক সময় নষ্ট না করে সৃজনশীল কাজে ও জ্ঞানচর্চায় মন দেওয়ারও আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...