চাঁদার দাবি ফেলে ব্যবসায়ীর ভবনে ককটেল হামলা, আহত ২ শ্রমিক
চট্টগ্রামের দক্ষিণ পাহাড়তলীতে ব্যবসায়ী মোহাম্মদ জসিম উদ্দিনের নির্মাণাধীন ১০ তলা ভবনে চাঁদা আদায়ে ব্যর্থ হয়ে সশস্ত্র ব্যক্তিরা তাণ্ডব চালিয়েছে। রোববার (২৬ জুলাই) সকাল ৮টার দিকে এই হামলায় দুই নির্মাণশ্রমিক আহত হয়েছেন এবং ভবনের দরজা-জানালা ভাঙচুরসহ তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মুখে মাস্ক পরা ৮ থেকে ১০ জন সশস্ত্র ব্যক্তি একটি টেম্পোযোগে এসে বড় দিঘিরপাড়-ভাটিয়ারী লিংক রোডসংলগ্ন ওই ভবনে ঢুকে পড়ে। কাজরত শ্রমিক ও নিরাপত্তাকর্মীদের ধরে মারধর শুরু করে তারা। এ সময় নির্মাণশ্রমিক হাসান সাকিকে কিরিচ দিয়ে কুপিয়ে আহত করা হয়। ভাঙচুর শেষে তিনটি ককটেল ফাটিয়ে হামলাকারীরা দ্রুত স্থানত্যাগ করে।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ জানান, সিসিটিভি ফুটেজে হামলার দৃশ্য স্পষ্টভাবে দেখা যাচ্ছে। জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের কাজ চলছে। ভুক্তভোগী ব্যবসায়ী মোহাম্মদ জসিম উদ্দিন জানান, গত এক মাস ধরে বিদেশি নম্বর থেকে তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হচ্ছিল। বিষয়টি তিনি আগেই পুলিশকে জানিয়েছিলেন। শহরে একটি ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলার পর কিছুদিন চাঁদাবাজরা নীরব থাকলেও গত এক সপ্তাহ ধরে আবার চাপ দিচ্ছিল। আজকের ঘটনার পর থানায় মামলা করা হবে।

