কাদেরাবাদে এসআইকে ছুরিকাঘাত: চারজন গ্রেফতার, পিঠে ৪৫ সেলাই

প্রাইম বার্তা অনলাইন
২৬ জুলাই ২০২৬ ৭:৩৮ পিএম
কাদেরাবাদে এসআইকে ছুরিকাঘাত: চারজন গ্রেফতার, পিঠে ৪৫ সেলাই

রাজধানীর মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এলাকায় পুলিশের উপ-পরিদর্শক মো. ওসমান গনিকে ছুরিকাঘাতের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন শরীফ উদ্দিন বাবু (২১), নাজমুল হাসান (২৩), মো. ইমন (২৩) এবং মো. জুয়েল (২২)। রোববার বিকেলে ডিএমপির মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চারজনকে হেফাজতে নেওয়া হয়েছে এবং বিস্তারিত তথ্য পরে দেওয়া হবে।

গত বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে এই হামলার ঘটনা ঘটে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্পেশাল ব্রাঞ্চের ইমিগ্রেশন শাখায় কর্মরত এসআই ওসমান গনি স্ত্রী তানজিনা সীমা ও একমাত্র সন্তানকে নিয়ে বাজার শেষে বাসায় ফেরার পথে ছুরিকাঘাতের শিকার হন। কাদেরাবাদ হাউজিংয়ের সি ব্লকের ৪ নম্বর রোডে পেছন থেকে আচমকা তার পিঠে ছুরিকাঘাত করে হামলাকারী পালিয়ে যায়। আহত অবস্থায় হামলাকারীকে ধরার চেষ্টা করেও তিনি ব্যর্থ হন।

ঘটনার পর ওসমান গনি নিজে বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন। ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়ায় তাকে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে এবং পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ও রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসকরা তার পিঠে ৪৫টি সেলাই দিয়েছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...