তৃণমূলের খেলোয়াড় থেকেই গড়বে অলিম্পিকের স্বপ্ন: আমিনুল হক

প্রাইম বার্তা অনলাইন
২৬ জুলাই ২০২৬ ৩:৪০ পিএম
তৃণমূলের খেলোয়াড় থেকেই গড়বে অলিম্পিকের স্বপ্ন: আমিনুল হক

বাংলাদেশের অলিম্পিক পদক অর্জনের লক্ষ্যে তৃণমূল পর্যায় থেকে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক জানিয়েছেন, এই স্বপ্ন বাস্তবায়নের ভিত্তি হিসেবে কাজ করবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি। রোববার (২৬ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে বিশ্বকাপ ফুটবল সম্প্রচার উপলক্ষে আয়োজিত ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে তিনি এ কথা উল্লেখ করেন।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি তাকে প্রশ্ন করেছিলেন বাংলাদেশ কবে অলিম্পিকে পদক পাবে। সেই লক্ষ্যেই সরকারি উদ্যোগ শুরু হয়েছে। তিনি স্পষ্ট জানান, একদিনে বা রাতারাতি কোনো ফল আসবে না। পাঁচ থেকে দশ বছর বা তারও বেশি সময় লাগতে পারে। তবে নতুন কুঁড়ি স্পোর্টসের আটটি ইভেন্ট থেকে নির্বাচিত ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের সরকারি ব্যয়ে বিকেএসপিতে পড়াশোনা ও প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে। সাভারের বিকেএসপির পাশাপাশি বিভাগীয় পর্যায়ের শাখাগুলোকেও আন্তর্জাতিক মানে শক্তিশালী করা হচ্ছে।

গত ২ মে সিলেট থেকে একযোগে ৬৪ জেলায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন হয়। উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের আসর সম্পন্ন হয়ে বর্তমানে জাতীয় পর্ব চলছে। সোমবার প্রধানমন্ত্রী সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার প্রদান করবেন। এরই মধ্যে দ্বিতীয় আসরের জন্য ১ জুলাই থেকে অনলাইন নিবন্ধন শুরু হয়ে গেছে।

প্রতিমন্ত্রী আরও জানান, এশিয়ান গেমসের পর আর্চারি, শুটিং, সাঁতার ও বক্সিংয়ের মতো সম্ভাবনাময় ইভেন্টগুলোকে অগ্রাধিকার দিয়ে সারা বছরব্যাপী প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। টুর্নামেন্টের আগে মাত্র কয়েকদিন নয়, পুরো বছর খেলোয়াড়দের প্রশিক্ষণে রাখা হবে। দেশের প্রত্যন্ত অঞ্চলের অসংখ্য প্রতিভাবান খেলোয়াড় সুযোগের অভাবে পিছিয়ে পড়ে। নতুন কুঁড়ি স্পোর্টস তাদের জাতীয় স্টেডিয়াম, সুইমিং কমপ্লেক্স ও আন্তর্জাতিক মানের ইনডোর স্টেডিয়ামে খেলার সুযোগ এনে দিয়েছে, যা বড় স্বপ্ন দেখার পথ করে দিচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...