কার্যালয় স্থানান্তর দাবিতে ফটিকছড়িতে ৪৮ ঘণ্টার হরতাল, মহাসড়কে যান চলাচল বন্ধ
নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার কার্যালয় যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে টানা ৪৮ ঘণ্টার হরতাল শুরু হয়েছে। রোববার (২৬ জুলাই) সকাল থেকে ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন পরিষদের নেতাকর্মীরা নানা স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। এর প্রভাবে ঢাকা-ফেনী-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের ফটিকছড়ি অংশে এবং পেলাগাজি দিঘী-হেয়াঁকো সড়কে সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। বাস, ট্রাক, সিএনজিচালিত অটোরিকশাসহ অসংখ্য যানবাহন মহাসড়কে আটকে পড়ে যাত্রীদের চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, নারায়ণহাট, দাঁতমারা, শান্তিরহাট, হেয়াঁকো, চিকনছড়া ও বাগানবাজার এলাকার বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, ফার্মেসি, ক্লিনিক এবং শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রয়েছে। যাতে হরতালকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য গুরুত্বপূর্ণ সড়ক সংযোগস্থলে পুলিশের একাধিক টিম মোতায়েন করা হয়েছে।
বিক্ষোভকারী শাহাদাত হোসাইন জানান, কার্যালয় জালিয়াতির মাধ্যমে ভুজপুর মৌজায় স্থানান্তর করা হয়েছে। উপজেলার নাম ফটিকছড়ি উত্তর হলে অফিসও উত্তরাঞ্চলেই হতে হবে। জনগণের যৌক্তিক দাবি মেনে না নেওয়া হলে আন্দোলনের মাত্রা আরও বাড়ানো হবে। আরেক আন্দোলনকারী জসিম উদ্দিন বলেন, মাত্র কয়েক কিলোমিটারের ব্যবধানে দুটি উপজেলা সদর রাখার কোনো যৌক্তিকতা নেই। সাধারণ মানুষের সুবিধা বিবেচনা করে দপ্তর স্থানান্তরের দাবি আগামীতেও অব্যাহত থাকবে।

