প্রতিটি জেলায় বিশেষ শিশুদের জন্য মডেল স্কুল: বড় ঘোষণা মন্ত্রীর

প্রাইম বার্তা অনলাইন
২৬ জুলাই ২০২৬ ১১:২৯ এএম
প্রতিটি জেলায় বিশেষ শিশুদের জন্য মডেল স্কুল: বড় ঘোষণা মন্ত্রীর

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সমাজের মূলধারায় যুক্ত করে একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে কাজ করছে সরকার। শনিবার (২৫ জুলাই) রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে এটিএন নিউজের আয়োজনে ‘পাওয়ার প্যারেন্টস ২০২৬’ সম্মাননা অনুষ্ঠানে এ কথা জানান মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সব মন্ত্রণালয় মিলে একটি সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে দেশের প্রতিটি জেলায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য আলাদা মডেল স্কুল স্থাপনের পরিকল্পনা রয়েছে। এসব প্রতিষ্ঠানে পড়ানোর জন্য শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ দেওয়ার বিষয়েও জোর দেওয়া হয়েছে। এ উদ্দেশ্যে বিভাগীয় পর্যায়ে প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে।

পাশাপাশি সাভারে ১২ একর এলাকাজুড়ে একটি অলিম্পিক ভিলেজ নির্মাণের কাজ চলছে বলে জানান এ জেড এম জাহিদ হোসেন। সেখানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ক্রীড়া ও বিভিন্ন দক্ষতামূলক প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। এছাড়া প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনকে অনুদান দিলে কর রেয়াত পাওয়া যায় এই সুযোগটি স্মরণ করিয়ে দিয়ে সবাইকে এই শিশুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন ৬ শিশুর অভিভাবক এবং এ ক্ষেত্রে কাজ করা একটি প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...