তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান, বাড়বে সামরিক সহযোগিতা
তুরস্কে পাঁচ দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার (২৫ জুলাই) তিনি এই সফর শেষে ঢাকায় পৌঁছান। সফরকালে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা খাতে সহযোগিতা জোরদার এবং সামরিক দক্ষতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও চুক্তি হয়েছে।
তুরস্কে অবস্থানকালে জেনারেল ওয়াকার-উজ-জামান প্রথমেই দেশটির প্রতিষ্ঠাতা ও প্রথম রাষ্ট্রপতি মুস্তাফা কামাল আতাতুর্কের সমাধিসৌধ আনিতকাবিরে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি তুরস্কের জাতীয় প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার, জেনারেল স্টাফ প্রধান সেলচুক বায়রাকতারোগলু, স্থলবাহিনী কমান্ডার জেনারেল মেতিন তোকেল এবং ইস্তাম্বুল নেভাল শিপইয়ার্ডের পরিচালক রিয়ার অ্যাডমিরাল রিসেপ এরদিনক ইয়েতকিনের সাথে পৃথক বৈঠক করেন। তুর্কি স্থলবাহিনীর সদর দপ্তরে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
প্রতিরক্ষা শিল্প খাতের সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে সেনাপ্রধান তুরস্ক ডিফেন্স ইন্ডাস্ট্রি এজেন্সির (এসএবি) প্রতিনিধিদের সাথে বৈঠক করেন। এছাড়াও তিনি বায়াকার টেকনোলজি, রকেটসান, তুসাস, এএসএইসগার্ড, এমকেই, সারসিলমাজ, এসটিএম ও আসিলসানের মতো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করেন। সেখানে তিনি অত্যাধুনিক প্রযুক্তি ও গবেষণা কার্যক্রম সম্পর্কে ধারণা নেন এবং পারস্পরিক স্বার্থে যৌথভাবে কাজ করার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

