চট্টগ্রামে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান: প্রথম দিনেই সরানো হলো ১৩৫ টন বর্জ্য
চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে ‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম’ স্লোগানকে সামনে রেখে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন হয়েছে। শনিবার (২৫ জুলাই) সকাল থেকে শুরু হওয়া এই অভিযানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাসহ প্রায় সাড়ে ছয় হাজার কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। উদ্বোধনী দিনেই নগরীর বিভিন্ন সরকারি অফিস, আবাসিক এলাকা ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৩৫ টন বর্জ্য পরিষ্কার করা হয়েছে।
সার্কিট হাউস থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে এই কর্মসূচির সূচনা হয়। জেলার সব উপজেলা, সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান মিলিয়ে মোট ৩ হাজার ২২৫টি স্থানে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এর মধ্যে ১৩১টি সরকারি দপ্তরের ৪১৬টি ভবন, ৮টি সরকারি কলোনির ১০৮টি ভবন, উপজেলা পর্যায়ের ৪০৬টি ভবন এবং ২ হাজার ২৯৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের অন্তর্ভুক্তি রয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, কোনো প্রকার চাপ প্রয়োগ না করে স্বতঃস্ফূর্তভাবে মানুষকে এই কাজে অংশ নিতে উৎসাহিত করা হচ্ছে। তিনি বলেন, পরিচ্ছন্নতাকে মানুষের নৈমিত্তিক অভ্যাসে পরিণত করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। এছাড়া অভিযানের আগে ও পরের অবস্থার তুলনামূলক ছবি এবং বর্জ্যের পরিমাণ তথ্য হিসেবে সংরক্ষণ করে পরবর্তীতে অগ্রগতি মূল্যায়ন করা হবে।

