সড়কে মৃত্যুর মিছিল রোধে গতি নিয়ন্ত্রণ জরুরি: এমপি আবু সুফিয়ান
চট্টগ্রাম সিটির জিইসি মোড় এলাকায় আয়োজিত এক সড়ক নিরাপত্তা কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, যানজটে ও দুর্ঘটনায় মানুষের প্রাণহানি রোধ করতে হলে যানবাহনের গতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা অপরিহার্য। তিনি বলেন, আইন প্রণয়নের পাশাপাশি তা বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট সবার সচেতনতাই এই সমস্যা সমাধানের চাবিকাঠি।
শনিবার (২৫ জুলাই) পলিসি ইনফ্লুয়েন্স গ্রুপ (পিআইজি) আয়োজিত এই অনুষ্ঠানে সড়ক নিরাপত্তা আইন কার্যকর করা, দুর্ঘটনা প্রতিরোধ এবং দুর্ঘটনার পর জরুরি সেবা নিশ্চিত করার ওপর আলোচনা হয়। এসময় এমপি আবু সুফিয়ান দুর্ঘটনার পরপরই ‘গোল্ডেন আওয়ার’ বা প্রথম এক ঘণ্টার গুরুত্বের কথা তুলে ধরেন। তিনি বলেন, এই সময়ের মধ্যে সঠিক চিকিৎসা পেলে অনেক প্রাণ বাঁচানো সম্ভব। তিনি জাতীয় সংসদে একটি সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের প্রস্তাব উত্থাপনেরও প্রতিশ্রুতি দেন।
বর্তমানে সড়ক দুর্ঘটনার হার আতঙ্কজনক মন্তব্য করে আবু সুফিয়ান দুবাইয়ের রোড সেফটি অথরিটির উদাহরণ তুলে ধরেন। সেখানে দুর্ঘটনার কারণ উদঘাটনে দক্ষ তদন্ত ও জবাবদিহিতা নিশ্চিত করা হয় বলে জানান তিনি। তিনি বাংলাদেশেও সড়ক নিরাপত্তায় জড়িত প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী ও জবাবদিহিমূলক হওয়ার আহ্বান জানান। পাশাপাশি সাধারণ নাগরিক, চালক, শ্রমিক ও পথচারীদেরও নিজ নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

