জুলাই গণঅভ্যুত্থান: ৩৬ দিনের রক্তাক্ত স্মৃতি এখনো জীবন্ত

প্রাইম বার্তা অনলাইন
২৫ জুলাই ২০২৬ ৫:৫১ পিএম
জুলাই গণঅভ্যুত্থান: ৩৬ দিনের রক্তাক্ত স্মৃতি এখনো জীবন্ত

দুই বছর পার হলেও রাজধানীর বুকে সেই জুলাইয়ের করুণ স্মৃতি এখনো ভাসে মানুষের চোখে। টিয়ারশেল, রাবার বুলেট, রক্তাক্ত সংঘর্ষ আর আর্তনাদ—২০২৪ সালের জুলাই মাসের ওই দৃশ্যগুলো মিরপুর, শাহবাগ বা মোহাম্মদপুরের রাজপথে থাকা মানুষের মনে এখনো স্পষ্ট। ৩৬ দিনব্যাপী এই আন্দোলনের প্রত্যক্ষদর্শীদের স্মৃতিচারণে উঠে এসেছে সেই উত্তাল দিনের নানা ভয়াবহ মুহূর্ত।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি নিয়ে শুরু হওয়া আন্দোলনটি ক্রমে রূপ নেয় বৃহত্তর আন্দোলনে। মেধাভিত্তিক নিয়োগ ও বৈষম্য দূরীকরণের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথমে মানববন্ধন ও অবরোধ কর্মসূচি পালন করলেও পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ ও তৎকালীন ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের নেতাকর্মীদের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ, লাঠিচার্জ, টিয়ারশেল ও রাবার বুলেটের ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আন্দোলনের ধার দিন দিন বাড়তে থাকে এবং তা শুধু শিক্ষার্থীদের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। সাধারণ মানুষও রাজপথে নেমে আসেন শিক্ষার্থীদের ডাকে সাড়া দিয়ে। এক পর্যায়ে কোটা সংস্কারের দাবি চাপা পড়ে তৎকালীন সরকারপ্রধান শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে রূপ নেয় আন্দোলনটি। টানা ৩৬ দিনের এই চরম আন্দোলনের পরিপ্রেক্ষিতে ৫ আগস্ট তৎকালীন সরকারের পতন ঘটে, যা দেশের ইতিহাসে এক নতুন অধ্যায় সূচিত করে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...