আধুনিক বাংলাদেশের চাবিকাঠি: সেমিকন্ডাক্টরকে জাতীয় অগ্রাধিকার প্রধানমন্ত্রীর

প্রাইম বার্তা অনলাইন
২৫ জুলাই ২০২৬ ৪:০১ পিএম
আধুনিক বাংলাদেশের চাবিকাঠি: সেমিকন্ডাক্টরকে জাতীয় অগ্রাধিকার প্রধানমন্ত্রীর

প্রযুক্তিনির্ভর সমৃদ্ধ অর্থনীতি গড়তে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এ খাতের উন্নয়ন কোনো একক মন্ত্রণালয়ের এখতিয়ার নয়; বরং এটি পুরো জাতির একটি সম্মিলিত মিশন। শনিবার (২৫ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে নভো থিয়েটারে ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বায়োটেকনোলজি, ইলেকট্রনিক্স, এআই অ্যান্ড রোবোটিক্স সামিট-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, সরকার চলতি বাজেটে এই শিল্পের বিকাশে প্রয়োজনীয় সব ধরনের সুবিধা নিশ্চিত করেছে। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশি বিশেষজ্ঞদের নিজ উদ্যোগে এই সম্মেলনে অংশ নেওয়ায় তিনি তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি উপস্থিত দেশি-বিদেশি প্রযুক্তিবিদদের এই আয়োজনকে ভবিষ্যতের মেধাভিত্তিক বাংলাদেশের সম্ভাবনার বার্তা হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্সের যুগে সেমিকন্ডাক্টর বা মাইক্রোচিপ আধুনিক সভ্যতার মূল চালিকাশক্তি। মোবাইল, কম্পিউটার থেকে শুরু করে মহাকাশ গবেষণা—সব ক্ষেত্রেই এটি অপরিহার্য। বিশ্ববাজারে চিপের চাহিদা জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে। নিজস্ব মেধা ও উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে চতুর্থ ও পঞ্চম শিল্পবিপ্লবে বাংলাদেশকে সম্মানজনক অবস্থানে নিয়ে যাওয়ার এখনই উপযুক্ত সময় বলে মন্তব্য করেন তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...