ঢাকায় গ্যাসের তীব্র সংকট, হিটারে রান্নায় বাড়ছে খরচ
রাজধানীর অনেক এলাকায় গ্যাসের চরম সংকট দেখা দিয়েছে, যা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে ব্যাপক প্রভাব ফেলেছে। দিনের বেশিরভাগ সময় চুলায় গ্যাস না থাকায় রান্নার কাজে চরম ব্যাঘাত ঘটছে। গ্যাসের অপ্রতুলতায় বাধ্য হয়ে অনেকে বৈদ্যুতিক হিটার ও রাইস কুকারের ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছেন, যা বাড়িয়ে দিচ্ছে তাদের আর্থিক ব্যয় ও বিদ্যুৎ বিল।
শনিবার (২৫ জুলাই) সকাল থেকেই মিরপুর, বাড্ডাসহ বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ খুবই কম ছিল। অনেক পরিবার জানিয়েছে, তারা দীর্ঘ সময় অপেক্ষা করেও চুলা জ্বালাতে পারেননি। কোথাও সামান্য গ্যাস এলেও তা দিয়ে রান্না করা সম্ভব হয়নি। এ অবস্থায় গৃহিণীরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। অনেককে বাধ্য হয়ে হিটার ব্যবহার করতে দেখা গেছে, যা তাদের সময় ও অর্থ—দুইয়ের ওপরই চাপ সৃষ্টি করছে।
মিরপুরের বাসিন্দা সাবিনা আক্তার জানান, সকালে রান্না করতে গিয়ে গ্যাস না পেয়ে তিনি বিপাকে পড়েন। গত এক সপ্তাহ ধরে এই পরিস্থিতি চলছে এবং হিটারে রান্না করলে বিদ্যুৎ বিল বাড়ার আশঙ্কা রয়েছে। বাড্ডার রুবিনা ইয়াসমিন ক্ষোভ প্রকাশ করে বলেন, গ্যাস সংকটে সংসারের নিয়মিত কাজকর্ম এলোমেলো হয়ে পড়ে। গ্যাসের বিল দেওয়ার পর এখন বিদ্যুতের বাড়তি বিল নিয়ে দুশ্চিন্তায় আছেন তারা।
স্বল্প ও মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য এই বাড়তি খরচ নতুন আর্থিক সংকট তৈরি করেছে। অনেককে সকালে রান্না না করতে পেরে বাইরে থেকে খাবার কিনতে হচ্ছে, যা তাদের দৈনন্দিন বাজেটের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।

